সাগরে এক জালেই ৯৫ মণ ইলিশ, বিক্রি হলো প্রায় ৩০ লাখ টাকায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০০:৩৯,২১ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের হতাশা কাটিয়ে গভীর বঙ্গোপসাগরে এক জালেই বিপুল পরিমাণ ইলিশ পেয়েছেন বরগুনার পাথরঘাটার একটি মাছধরা ট্রলারের জেলেরা। জাল ফেলার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। পরে প্রায় ৯৫ মণ ইলিশ নিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফিরে আসে ট্রলারটি। মাছগুলো বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা পেয়েছেন ট্রলার মালিক।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি নাজমা ট্রলারটি বিপুল পরিমাণ ইলিশ নিয়ে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে আসে।
ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে রওনা হন তারা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে দেখা যায়, পুরো জালজুড়েই ইলিশ। মাছের পরিমাণ এত বেশি ছিল যে জাল থেকে মাছ ছাড়াতেই বেশ বেগ পেতে হয় জেলেদের।
তিনি বলেন, গত কয়েক মাস লঘুচাপ ও নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ মৌসুমেও তারা নিয়মিত মাছ ধরতে পারেননি। এক জালেই এত মাছ পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা সবাই আনন্দিত। মাছ বিক্রি শেষে আবারও গভীর সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
ট্রলারের জেলে শ্রমিক আলমগীর হোসেন বলেন, চলতি মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়ায় সংসার চালাতে জেলেদের কষ্ট হচ্ছিল। একসঙ্গে এত মাছ পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ৯৫ মণ ইলিশ প্রতি মণ ১৮ হাজার থেকে ৪১ হাজার টাকা দরে বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা পেয়েছেন। মাছের আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। বড় আকারের মাছ হলে একই পরিমাণে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত বিক্রি হতে পারত বলে জানান তিনি।
এনামুল হোসাইন আরও জানান, গত পাঁচ দিনে দুই দফা সাগরে গিয়ে মোট প্রায় ৫৫ লাখ টাকার মাছ আহরণ করেছেন তিনি। তাঁর মালিকানায় ছয়টি মাছ ধরার ট্রলার রয়েছে।
পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, চলতি ইলিশ মৌসুমে একটি ট্রলারে একসঙ্গে ৯৫ মণ ইলিশ পাওয়ার ঘটনা এবারই প্রথম।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দীর্ঘদিন মাছ না পাওয়ায় ট্রলার মালিক ও জেলেরা লোকসানে ছিলেন। একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠার আশা করছেন তারা।
একটি ট্রলারে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে থাকা অন্য ট্রলারগুলোর জেলে ও মালিকদের মধ্যেও গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার আগ্রহ বেড়েছে।
শহীদ
