ইরান যুদ্ধের ‘ভূমিকম্পে’ কেঁপেছে উপসাগর: কাতারের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০০:২০,২১ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চল ‘ভূমিকম্পের’ মতো পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে ‘বিবাদের উৎসগুলো নির্মূল’ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এমন পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য বিপদের কারণ না হয়।
ব্লুমবার্গ ও কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে তিনি এসব কথা বলেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করা শেখ মোহাম্মদ বলেন, সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটি এক ধরনের ‘ভূমিকম্পের’ মধ্য দিয়ে গেছে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাগুলোকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।
তিনি বলেন, মধ্যস্থতার ক্ষেত্রে কাতার একটি ‘অঙ্গীকারবদ্ধ অংশীদার’ হিসেবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও দেশটি একটি ‘নির্ভরযোগ্য উৎস’ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে।
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাতার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ মোহাম্মদ। তাঁর মতে, কূটনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
এদিকে ইরানের এক কর্মকর্তার বক্তব্যের পর কাতারের প্রধানমন্ত্রীর এসব মন্তব্য সামনে এসেছে। ওই কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের সাত দফা দাবিনামা দোহা ওয়াশিংটনের কাছে উপস্থাপন করেছে।
ইরানের পক্ষ থেকে দেওয়া এসব দাবির বিষয়ে বিস্তারিত প্রকাশ্যে না এলেও, যুদ্ধ বন্ধ ও সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
শহীদ
