৬ আশ্বিন ১৪৩৩ , মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে জমি নিয়ে বিরোধে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশ: ২১:৪৭,২১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে জমি নিয়ে বিরোধে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ছবি: নিউজমিশন২৪

বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে মেহেদী হাসান ইতু (২৪) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর বাবা শেখ ফরিদ উদ্দীনও আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ইতু রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিলেন। আহত ফরিদ উদ্দীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের সঙ্গে তাঁর চাচাতো ভাই শেখ বাকিবিল্লাহর জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে ওই জমির সিমানা থেকে পানি নিস্কাশনের চেষ্টা করা হলে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শেখ বাকিবিল্লাহ ধারালো অস্ত্র নিয়ে ফরিদ উদ্দীন ও তাঁর ছেলে মেহেদী হাসানের ওপর হামলা করেন। এ সময় তাঁদের কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় বাকিবিল্লাহ। পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত হওয়ায় ফরিদ উদ্দীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশীদ বলেন, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জড়িতরা পালিয়ে যাওয়ায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: