মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬:৩০,১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার মুহুরি-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরামের খেয়াঘাট মুহুরি ব্রিজ সংলগ্ন চরে ‘মুহুরি, কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের মূল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি,জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম,পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনর্খনন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ বা পুনর্বাসন করা হবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহমেদ বলেন, প্রকল্পের কাজ এখনো টেন্ডার প্রক্রিয়ায় যায়নি। প্রথম পর্যায়ের পরিকল্পনায় বাঁধ নির্মাণ, বাঁধের প্রতিরক্ষা ও নদী খননসহ বিভিন্ন কাজ রয়েছে। প্রকল্পটি ছয় থেকে সাতটি সেকশনে ভাগ করে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
পাউবো সূত্র জানায়, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়ন, নদীর পানি ধারণক্ষমতা বৃদ্ধি, নদীভাঙন কমানো এবং কৃষিজমি ও অবকাঠামো রক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে।
ফেনীর উত্তরাঞ্চলে বর্ষা ও উজানের ঢলে মুহুরী-কহুয়া নদীর পানি বেড়ে প্রায় প্রতি বছরই বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। এতে পরশুরাম, ফুলগাজীসহ নদীতীরবর্তী এলাকার কৃষিজমি, বসতবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ সংস্কার ও নদী পুনর্খননের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের দাবি ছিল দীর্ঘদিনের।
এর আগে গত ১৬ জুন অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর ১ অক্টোবর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচিতে প্রকল্পটির উদ্বোধন কর্মসূচি রাখা হয়।
অন্যদিকে পরশুরামে এই প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময়ের পর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার উত্তরের সীমান্তবর্তী জনপদ পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড় এসে পৌঁছায়।
এ সময় সড়কজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। সড়কের বিভিন্ন স্থান থেকে 'প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম', 'প্রধানমন্ত্রী তোমাকে, লাল গোলাপ শুভেচ্ছা', 'ফেনীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা'-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পরবর্তীতে ২ টায় ফেনীর ফুলগাজী উপজেলা হয়ে পরশুরামের ঘাটঘর এলাকায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন। রাত ৯টায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢাকা পড়েছে ফেনী। নিরাপত্তায় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ছাড়াও দুই হাজারের বেশি পুলিশ, এসআরবি, ৯ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সভা মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও হোয়াইট জোনে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি প্রায় দুই দশক সময় পর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনীর জনপদে এসেছিলেন তারেক রহমান। পরবর্তী সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তা স্থগিত করে ১ অক্টোবর সফরের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।
শহীদ