জমি নিয়ে বিরোধ: হামলা ও পাল্টা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
মো.শহিদুল ইসলাম
প্রকাশ: ১২:২৪,৩ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হওয়ার অভিযোগ এবং প্রতিপক্ষের দায়ের করা মামলাকে হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মো. আনোয়ার হোসেন। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার তারাটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় দুটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন অভিযোগ করেন, গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উত্তর মোয়ামারী গ্রামে তাঁর বসতঘরের পশ্চিম পাশে পালান ভূমিতে একই গ্রামের মো. নাহার, মো. শহিদুল, মোছা. মাজেদাসহ ৮ থেকে ১০ জন তাঁর ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
আনোয়ার হোসেনের ভাষ্য অনুযায়ী, হামলায় তাঁর এক হাত ভেঙে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। পরে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে হয়। কয়েক দিন চিকিৎসা শেষে বাড়িতে ফিরে এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর জামালপুর আদালতে মামলা দায়ের করেন তিনি।
সংবাদ সম্মেলনে আনোয়ার আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের মো. শহিদুলের আট বছর বয়সী মেয়ে মোছা. সোহানার হাত ভাঙার ঘটনায় তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। তাঁর দাবি, শিশুটির হাত এ ঘটনার প্রায় ১০ দিন আগে খেলতে গিয়ে ভেঙেছিল। এ ঘটনায় মোছা. মাজেদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। আনোয়ার ও তাঁর পরিবারের অভিযোগ, তাঁদের হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর হামলার ঘটনা এবং পরবর্তী সময়ে দায়ের করা পাল্টা মামলার প্রকৃত সত্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন। তিনি উভয় ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শহীদ