১৯ আশ্বিন ১৪৩৩ , সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

জামালপুর সদর উপজেলা বিএনপির শক্ত ঘাঁটি গড়তে চান সফিউর রহমান

নিজস্ব সংবাদদাতা , জামালপুর 

প্রকাশ: ১৬:০৭,৪ অক্টোবর ২০২৬

জামালপুর সদর উপজেলা বিএনপির শক্ত ঘাঁটি গড়তে চান সফিউর রহমান

ছবি: নিউজমিশন২৪

জামালপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে মুখে এখন একটি নাম—মো. সফিউর রহমান। জামালপুর সদর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সফিউর রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

জামালপুর সদর উপজেলা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় কয়েক লাখ মানুষের বসবাস। কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-সংস্কৃতিতে সমৃদ্ধ এই উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ডকে ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা চলে আসছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় এগিয়ে রয়েছেন বিএনপির ত্যাগী নেতা মো. সফিউর রহমান।

দলের নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসা, মামলা-হামলা ও দমন-পীড়নের মধ্যেও সফিউর রহমান সদর উপজেলা বিএনপিকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সময়ে তার বিরুদ্ধে প্রায় ২০টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। একাধিকবার কারাবরণ এবং নানা ধরনের নির্যাতনের শিকার হলেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং কারামুক্ত হয়ে আরও সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন এবং নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা সফিউর রহমানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। দলের দুঃসময়ে তিনি নিজের অর্থ ব্যয় করে অসংখ্য নেতাকর্মীকে আইনি ও আর্থিক সহায়তা দিয়েছেন। ফলে দলীয় কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি।

রাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি প্রশংসিত। করোনাকালে খাদ্য ও অর্থ সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন। এলাকার অসহায়, দরিদ্র, দিনমজুর ও হতদরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে তিনি জনমানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

রাজনৈতিক আঙ্গনের পাশাপাশি বর্তমানে তিনি জামালপুর জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় তার পক্ষে ব্যাপক গণসংযোগ ও জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে। মো. সফিউর রহমান বলেন, “দল যদি আমাকে মূল্যায়ন করে এবং জনগণ যদি সমর্থন দেয়, তাহলে জামালপুর সদর উপজেলাকে উন্নয়ন, সুশাসন ও জনসেবার মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে নিজেকে সর্বোচ্চভাবে উৎসর্গ করব।”

তিনি জানান, নির্বাচিত হলে জরাজীর্ণ সড়ক সংস্কার, গ্রামীণ অবকাঠামোর আধুনিকায়ন, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি উপজেলা পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ গ্রহণ করবেন।

স্থানীয় ভোটারদের মতে, রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসম্পৃক্ততার কারণে সফিউর রহমান বর্তমানে জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের অন্যতম আলোচিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তাদের বিশ্বাস, সুযোগ পেলে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: