কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রি
রৌদ্র মুশফিক, গাজীপুর
প্রকাশ: ২০:৩৩,৩ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নূর নবী হোসেন ওরফে হৃদয়ের (২২) বাড়ির সামনে রাখা একটি বস্তা থেকে ১০টি ককটেল ও বস্তার পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গীর গুটিয়ার আন্ধাররুল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধারের পর বিকেলে নিষ্ক্রিয় করে পুলিশের বোমা নিষ্ক্রিয় করণ ইউনিট।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নূর নবী হোসেন ওরফে হৃদয়ের বাড়ির সামনে ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা ঘিরে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া দুটি ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও আদালতের রায় বাতিল এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে। ব্যানার দুটিতে টঙ্গী পশ্চিম থানা ও ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। একটি ব্যানারে ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদ পপ্রত্যাশী হিসেবে ফরিদ, হাবিবুর রহমান, বাবুল ও আলী আকবরের নাম রয়েছে। অপর ব্যানারে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবী হোসেন ওরফে হৃদয়, সাজিদ হোসেন দিপু এবং ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের হাসান নাহিদ ও সজিবের নাম উল্লেখ করা হয়েছে। তবে ককটেলগুলো কারা সেখানে রেখেছে এবং ব্যানারগুলোর সঙ্গে এসব বিস্ফোরক উদ্ধারের কোনো যোগসূত্র রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ককটেলগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিররুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে যায়। উদ্ধারের পর পুলিশের বোমা নিষ্ক্রিয় করণ ইউনিটকে জানানো হয়। ঢাকা থেকে ইউনিটের সদস্যরা এসে বিকেল চারটার দিকে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছেন।
শহীদ