সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩:২৬,২১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলায় বিতর্কিত আবিয়েই অঞ্চলের একটি বাজারে ১৫৩ জন নিহত হয়েছেন। দক্ষিণ সুদানের কর্মকর্তাদের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছেন।
সোমবারের এ হামলায় আগুনে পুড়ে বহু মানুষের মরদেহ নষ্ট হয়ে গেছে। এখনো উদ্ধারকাজ চলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক দিনের হামলায় সুদানে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ২০২৩ সালের এপ্রিলে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ শুরু হয়। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এতে জড়িয়ে পড়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি শক্তিও।
আবিয়েই অঞ্চলের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ইয়োহানা আকোল এনগর মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সোমবার বাজারে হামলায় প্রথমে ৭৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে এ সংখ্যা বেড়ে ১৫৩ হয়।
তিনি বলেন, ‘আগুন এখনো জ্বলছে। তাই নিহতদের মরদেহ উদ্ধারের কাজও চলছে। পরিস্থিতি ভয়াবহ।’ আগুনে কয়েকজনের মরদেহ পুরোপুরি পুড়ে গেছে বলেও জানান তিনি।
মঙ্গলবার ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিও যাচাই করেছে রয়টার্স।
এতে পুড়ে যাওয়া ও দুমড়েমুচড়ে যাওয়া যানবাহন এবং ভবনের ধ্বংসাবশেষ দেখা গেছে। বাসিন্দারা ক্ষয়ক্ষতি দেখার সময়ও একটি ভবনে আগুন জ্বলছিল। হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছেন এনগর। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স সুদানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তিনজন কূটনীতিক, একজন ত্রাণকর্মী ও সংঘাতবিষয়ক একজন বিশেষজ্ঞ রয়টার্সকে জানান, হামলায় বাজারের একটি জ্বালানি ডিপোতে আঘাত হানা হয়। তাদের ভাষ্য, অতীতে আরএসএফের সেনাদের জ্বালানি সরবরাহের কাজে ডিপোটি ব্যবহার করা হতো। এ বিষয়ে আরএসএফের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। এর পর থেকে তেলসমৃদ্ধ আবিয়েই অঞ্চলের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে। অঞ্চলটি যৌথভাবে পরিচালিত হয়। এর সীমান্ত রয়েছে সুদানের কর্দোফান অঞ্চলের সঙ্গে। বর্তমানে কর্দোফান সুদানের যুদ্ধের অন্যতম প্রধান সংঘাতপূর্ণ এলাকা। সুদানের সেনাবাহিনী-সমর্থিত সরকারের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, আবিয়েইয়ের কয়েকটি এলাকায় আরএসএফ সক্রিয় রয়েছে। তবে ওই অঞ্চলে আরএসএফের উপস্থিতির কথা অস্বীকার করেছেন এনগর। এসব দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
জাতিসংঘের অন্তর্বর্তী আবিয়েই নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) গত মে মাসে সতর্ক করে বলেছিল, ওই অঞ্চলে আরএসএফের উপস্থিতির কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। অঞ্চলটির চূড়ান্ত অবস্থান নির্ধারণে দেরি হওয়ায় সাধারণ মানুষ ও জাতিসংঘের কর্মীরা ঝুঁকিতে রয়েছেন বলেও জানায় সংস্থাটি। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক আবিয়েইসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন।
নিউইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘সুদানজুড়ে একের পর এক ড্রোন হামলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে আমরা এখনো গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি আরো বলেন, তিন বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের ক্ষতি সামলাতে হিমশিম খাওয়া মানুষের ওপর এসব হামলা ভয়াবহ প্রভাব ফেলছে।
এনগর জানান, হামলার পর বাজারে আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধারে সমস্যায় পড়ছেন। সোমবারের হামলার কারণে প্রায় আট হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি। দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার গভীর রাতে জানায়, আবিয়েই শহরের উত্তরে একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হতাহত ব্যক্তিদের সংখ্যা জানায়নি মন্ত্রণালয়। এ ঘটনায় প্রতিবাদ জানাতে সুদানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলেও জানানো হয়।
শহীদ