৬ কার্তিক ১৪৩৩ , বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬

জামালপুরে ডিবির পৃথক অভিযান

ইয়াবাসহ আটক ২, কথিত কবিরাজের ঘর থেকে কঙ্কাল উদ্ধার

মো.শহিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ, জামালপুর

প্রকাশ: ২০:২৪,২১ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ আটক ২, কথিত কবিরাজের ঘর থেকে কঙ্কাল উদ্ধার

ছবি: নিউজমিশন২৪

জামালপুরের দেওয়ানগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। একই সময়ে মেলান্দহ উপজেলায় কথিত তান্ত্রিক কবিরাজের ঘরে অভিযান চালিয়ে গরু ও বানরের মাথার কঙ্কাল এবং ১০টি কথিত ‘কুফরি পাতা’ উদ্ধারের ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২), জামালপুরের পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর বাজারে সিফাতের চালের আড়তের সামনে সরকারি পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রাজিবপুর পৌরসভার জহির মণ্ডলপাড়া এলাকার মনির হোসেন (২১) ও সবুজ মিয়া (২২)।

অন্যদিকে, মেলান্দহ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় মোহাম্মদ রিপন আলীর (২৭) কথিত কবিরাজি ঘরে অভিযান চালায় ডিবি-২-এর একটি দল। এ সময় একটি গরুর মাথার কঙ্কাল, একটি বানরের মাথার কঙ্কাল এবং ১০টি কথিত ‘কুফরি পাতা’ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিপন আলী ও একই উপজেলার টনকি এলাকার খায়রুল ইসলাম চিশতী (২৬) নামের দুজনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে আরও জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর পৃথক অভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

 

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: