৩ কার্তিক ১৪৩৩ , সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮:১৯,১৮ অক্টোবর ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর ২০২৬) সাভারের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

 

সাভার উপজেলাধীন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ময়লা অপসারণ, মাটি ভরাট, প্যালিসেডিং, সারফেস ড্রেন নির্মাণ, নিরাপত্তাবেষ্টনী স্থাপন ও বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে এলাকাটিকে সবুজ ও নান্দনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্রকল্পের আওতায় প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয় ১৫ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এতে প্রকল্প ব্যয় উল্লেখ করা হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৫৮৫ টাকা। এ ছাড়া প্রকল্প এলাকায় প্রায় ১০ হাজার টন ময়লা অপসারণ এবং ৮ হাজার ৮০০ বর্গমিটার এলাকায় মাটি ও বালু ভরাটের তথ্য দেওয়া হয়েছে।

 

প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের জন্য ২০টি সারফেস ড্রেন নির্মাণ করা হয়েছে। সড়কের পাশের মাটি ধরে রাখা এবং ঢাল সুরক্ষার জন্য প্যালিসেডিং বাঁধ নির্মাণের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ঘাস রোপণ করা হয়েছে। নিরাপত্তার জন্য এমএস পাইপের ফ্রেমিং ও নেটিং দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। সড়কের নিরাপত্তা বাড়াতে এমএস পাইপে রোড রিফ্লেক্টর স্টিকারও স্থাপন করা হয়েছে।

 

এ ছাড়া প্রকল্প এলাকায় ১২০টি বৈদ্যুতিক বাতি স্থাপনের তথ্য রয়েছে। বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে ১ কিলোওয়াট ক্ষমতার দুটি সোলার সিস্টেম এবং পরীক্ষামূলকভাবে ১ কিলোওয়াট ক্ষমতার একটি উইন্ড টারবাইন স্থাপন করা হয়েছে।

 

প্রকল্পের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্ভিস শেড নির্মাণ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য তিনজন নাইটগার্ড ও একজন মালি নিয়োগের তথ্য প্রকল্প পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।

 

প্রকল্প এলাকায় বাংলাদেশের বিভিন্ন জেলার নার্সারি থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের তথ্য অনুযায়ী, নিম, সুপারি, তাল, মাধবী লতা, সিজিয়াম, ঝাউ, রঙ্গন ও অন্যান্য শোভাবর্ধক উদ্ভিদ রয়েছে এ তালিকায়।

 

প্রকল্পের তথ্যপত্রে নিমগাছ ১ হাজার ২৭০টি, সুপারি ৩ হাজার ৮১৫টি, তালগাছ ৬০টি, মাধবী লতা ৬৭০টি, সিজিয়াম ৮৫টি, ঝাউগাছ ১৯০টি এবং রঙ্গন ফুলের গাছ ৭৮০টির কথা উল্লেখ রয়েছে। তবে তালিকায় দেওয়া কয়েকটি সংখ্যার সঙ্গে সর্বমোট সংখ্যার অসংগতি রয়েছে।

 

ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং সাভার উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্পটি গ্রহণ করা হয়। এতে কারিগরি সহযোগিতা দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাভার।

 

মহাসড়কের পাশে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এলাকাটিকে পরিচ্ছন্ন ও নিরাপদ করে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: