২০ আশ্বিন ১৪৩৩ , মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬

শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ

অরুন কুমার সরকার, চিতলমারী, বাগেরহাট

প্রকাশ: ২১:৪৪,৫ অক্টোবর ২০২৬

শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ

ছবি: নিউজমিশন২৪

বাগেরহাটের চিতলমারীতে বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষে প্রবেশ করে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর, হত্যার হুমকি এবং পরবর্তীতে শিক্ষক-কর্মচারীদের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (৪ অক্টোবর) ২৫ নম্বর পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-কর্মচারীরা চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের কাছে এ লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে পাংগাশিয়া গ্রামের স্বরূপ গুহ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শ্রেণিকক্ষে কোনো অনুমতি ছাড়াই প্রবেশ করেন। এ সময় তিনি একই গ্রামের গোবিন্দ চৌধুরী নামের ওই শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেন এবং মোটরসাইকেলের চাকার নিচে চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনার সময় সহকারী শিক্ষক তাপস বসু শ্রেণিকক্ষে প্রবেশ করে স্বরূপ গুহকে ওই শিক্ষার্থীর ওপর শারীরিকভাবে আক্রমণ করতে দেখেন। একই সময় তিনি অপর এক শিক্ষার্থী জিৎ চৌধুরীর গায়েও হাত তোলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে বের হয়ে যান।

পরে শিক্ষার্থী গোবিন্দ কান্নাকাটি করলে শিক্ষকরা তার কাছে ঘটনার বিষয়ে জানতে চান। তখন সে জানায়, তাকে মারধর করা হয়েছে, বুকের ওপর পা তুলে দেওয়া হয়েছে, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে এবং মোটরসাইকেলের চাকার নিচে পিছিয়ে দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ওইদিন দুপুরে স্বরূপ গুহ পুনরায় বিদ্যালয়ে এসে জানান, প্রায় তিন মাস আগে তার মেয়ে শিক্ষার্থী গোবিন্দের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছিল। বিষয়টি সে সময় বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছিল। তবে ওই মীমাংসায় সন্তুষ্ট না হয়ে তিনি নিজ উদ্যোগে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীকে মারধরের বিষয়ে আপত্তি জানালে স্বরূপ গুহ তাদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং ভবিষ্যতে দেখে নেওয়া ও ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ করেছেন শিক্ষক-কর্মচারীরা।

পরে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে জানানো হয়। গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মনি শংকর কীর্তনীয়াসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা ও শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ অনুযায়ী, ওই সভায় স্বরূপ গুহ নিজের ভুল স্বীকার করে উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

তবে শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, ওই ঘটনার পরও স্বরূপ গুহ বিদ্যালয়ের বাইরে পথেঘাটে তাদের দেখলে গালিগালাজ এবং ‘দেখে নেওয়া’সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে ২৫ নম্বর পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন্নতি মজুমদারসহ ছয় শিক্ষক-কর্মচারী স্বাক্ষরিত লিখিত অভিযোগে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বরূপ গুহর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: