জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
সৈয়দ এনামুর রকিব, ইসলামপুর, জামালপুর
প্রকাশ: ১৪:৫৪,৭ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২০), তাঁদের আট মাস বয়সী শিশু সন্তান রিফা এবং মোটরসাইকেলচালক শওকত হাসান লিখন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাচ্ছিল। এ সময় জামালপুরগামী একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশায় থাকা একই পরিবারের মোর্শেদ আলম, তাঁর স্ত্রী ইকরামা ও আট মাস বয়সী শিশু সন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গুরুতর আহত মোটরসাইকেলচালক শওকত হাসান লিখনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬)-কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শহীদ