বাংলাদেশ ভ্রমণে এসে বিপাকে জার্মান পর্যটক, স্টেশনে উধাও ব্যাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১:১৯,৮ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী তরুণ পর্যটক কিরিল। হারানো ব্যাগে ছিল তার ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র।
কিরিল জানান, বুধবার (৭ অক্টোবর) বিকেল প্রায় ৪টায় বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান তিনি। স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগ রেখে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে ভেস্ট পরা একজন রেলওয়ে কর্মকর্তাকে মালপত্র দেখে রাখতে বলেন। ওই কর্মকর্তা জিনিসপত্র দেখভালের আশ্বাসও দিয়েছিলেন।
কিরিলের ভাষ্য, টাকা তুলে ফিরে এসে তিনি ব্যাগ ও মালামালের পাশাপাশি ওই কর্মকর্তাকেও আর সেখানে দেখতে পাননি। অনেক খোঁজাখুঁজির পরও ব্যাগের সন্ধান মেলেনি। পরে তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় সহায়তার অপেক্ষায় থাকতে হয় তাকে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
কিরিল দাবি করেন, তার ল্যাপটপের আইক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল। এতে খোয়া যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, “ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন হলেও ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।“
তিনি জানান, চুরি যাওয়া ডিভাইসের লোকেশন ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শহীদ