শিশু-কিশোরদের অংশগ্রহণে এসএসজি,র দুই দিনব্যাপী আর্ট এক্সিবিশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮:৫০,৩ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সুপ্ত প্রতিভার বিকাশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আর্ট এক্সিবিশন। শহীদ শিল্পী গোষ্ঠী (SSG)-এর আয়োজনে গত ৩০ ও ৩১ অক্টোবর (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, ৭ নম্বর গ্যালারি ও অডিটরিয়ামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে রাজধানীর ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দুই দিনের এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিল্পীরা তাদের রংতুলি ও কল্পনার মিশেলে তৈরি বৈচিত্র্যময় শিল্পকর্ম প্রদর্শন করে। শিশুদের আঁকা ছবিতে ফুটে ওঠে প্রকৃতি, পরিবেশ, সমাজ, জীবনবোধ ও কল্পনার নানা রঙিন প্রতিচ্ছবি। তাদের সৃজনশীল চিন্তা ও শিল্পভাবনার প্রকাশ দর্শনার্থীদের মুগ্ধ করে।
প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল শিশু-কিশোরদের শিল্পীসত্তার বিকাশ, সৃজনশীল প্রতিভার যথাযথ মূল্যায়ন এবং চারুকলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি করা। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের শিল্পকর্ম সবার সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। উপস্থিত ছিলেন মাসিক সরগম-এর সম্পাদক কাজী রওনাক হোসেন, বিশিষ্ট অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব তনিমা হামিদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শাহ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট উচ্চাঙ্গ ও নজরুলসংগীতশিল্পী করিম হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ। শিল্পকর্ম প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে শহীদ শিল্পী গোষ্ঠীর (SSG) শিক্ষার্থীরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
শিশু-কিশোর শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা পুরো আয়োজনকে আরও আনন্দমুখর ও প্রাণবন্ত করে তোলে। তাদের পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি হয় উৎসাহ-উদ্দীপনা।
শহীদ শিল্পী গোষ্ঠী (SSG) মনে করে, শিশুদের প্রতিভা বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি আঁকা শিশুদের চিন্তাশক্তি, মননশীলতা ও নান্দনিক বোধকে সমৃদ্ধ করে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের শিল্প-সংস্কৃতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শহীদ