৫ পুলিশ সদস্য বরখাস্ত
প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’
রৌদ্র মুশফিক, স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: ১৯:২৯,২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ গাজীপুরে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন। তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতো। তার বাবার নামে মোতালেব। পালিয়ে যাওয়া আসামীর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টি মামলা রয়েছে বলছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আসামী পলায়নের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, মামলার শুনানিসহ হাজিরা দেওয়ার জন্য প্রতিদিনই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে অনেক আসামিকে ঢাকাসহ বিভিন্ন জেলার আদালতে আনা-নেওয়া করা হয়। প্রতিদিনের মতো রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে আনা হয়। আদালতের কাজ শেষে তাদেরকে পুনরায় গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আসামি পিচ্চি রাজা টয়লেট করবেন বলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে আসামি বহনকারী গাড়িটি গাজীপুরের বাইমাইল এলাকায় থামানো হয়। এসময় সঙ্গে থাকা উপ-পরিদর্শক (এসআই) তাকে টয়লেট করানোর জন্য গাড়ি থেকে নিচে নামান। এ সময়ই আসামি ‘পিচ্চি রাজা’ কৌশলে দৌড়ে পালিয়ে যান। পরে রাজা বাদে বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
কারা অধিদফতরের জেলার মাসুদ হাসান জুয়েল বলেন, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকার আদালতে হাজিরা দিতে নেয়া হয়েছিল। হাজিরা শেষে পুনরায় কারাগারে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের নওজোড় হাইওয়ে থানার কাছে আসামি টয়লেটে যাওয়ার কথা বলে পুলিশকে। এরপর গাড়ি থামিয়ে পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে টয়লেটে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে পালিয়ে যান রাজা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হোসেন বলেন, প্রিজন ভ্যানে ৩০ আসামি ছিলেন। তার মধ্যে পিচ্চি রাজা নামে একজন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টার পাশাপাশি কীভাবে পালিয়ে গেলো, কার কার গাফেলতি আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ বলছে, পিচ্চি রাজা ঢাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। তার বিরুদ্ধে কমপক্ষে ২৫টি মামলার তথ্য পাওয়া গেছে। পুলিশের তথ্য মতে পিচ্চি রাজা মূলত ঢাকার মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্প কেন্দ্রিক একটি মাদক চক্রের হোতা বলে। সেখানে বিবদমান কয়েকটি মাদক চক্রের মধ্যে গত আড়াই বছরে একাধিক রক্তক্ষয়ী সংঘাত হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘পিচ্চি রাজা’ কে গ্রেফতার করা হয়। তখন তার সঙ্গে তার স্ত্রী ও শ্যালকও ছিলেন। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর একবার পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করার তথ্য দিয়েছিল পুলিশ।
শহীদ