চরবানিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনুপম স
অরুন কুমার সরকার, চিতলমারী, বাগেরহাট
প্রকাশ: ২১:৩২,২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অনুপম সাহা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
অনুপম সাহা উপজেলার খড়মখালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা স্বপন সাহা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। অনুপম সাহা খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ২০০১ সালে। সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আব্দুর ছাত্তার খানের হাত ধরে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন তিনি। বর্তমানে তিনি চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন অনুপম সাহা। তিনি চিতলমারী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব, চিতলমারী কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি এবং বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সাবেক অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চিতলমারী শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (আখড়াবাড়ি) কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং ব্রহ্মগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অনুপম সাহা জানান, রাজনৈতিক কারণে ২০১৬ সালের দিকে তিনি হামলা ও মামলার শিকার হন এবং দীর্ঘ এক মাস কারাগারে ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নথি বা মামলার বিস্তারিত তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার বিষয়ে অনুপম সাহা বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। দল তাঁকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান।
তিনি বলেন, নির্বাচিত হলে চরবানিয়ারী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে উল্লেখ করে অনুপম সাহা বলেন, ভবিষ্যতেও মানুষের পাশে থেকে চরবানিয়ারী ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন অনুপম সাহা।
শহীদ