গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
রৌদ্র মুশফিক, গাজীপুর
প্রকাশ: ০০:৪৬,১২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন দন্ত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম, তাঁর স্ত্রী ও সন্তান। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. মো. আশরাফুল ইসলাম গাজীপুরের দেওয়ালিয়াবাড়ি এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাঁদের মরদেহ উদ্ধার করে সালনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কোনাবাড়ী থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন ডা. আশরাফুল ইসলাম। পথে কালিয়াকৈরের সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহগুলো সালনা হাইওয়ে থানায় নেওয়া হয়।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শহীদ