গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩:২০,৬ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের 'ন' ও 'ত' বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ত্রিশ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকা -ময়মনসিংহ রেলপথে এই ঘটনাটি ঘটে। পরে পৌনে এগারোটার দিকে দুই বগির সংযোগ হুক মেরামত করে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যো ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছলে হটাৎ বগির সংযোগ হুক ভেঙে ন, ত বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়।
চালক বুঝতে পেরে ট্রেনটিকে থামিয়ে দেয়। এতে সাময়িক ভাবে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে রেলওয়ে কর্মীরা অল্প সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করলে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
ওসি আকতার হোসেন আরও বলেন, বর্তমানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শহীদ