ইউরিয়া উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা
নিজস্ব সংবাদদাতা, জামালপুর
প্রকাশ: ১৬:৪১,৬ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে ইউরিয়া উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা। গ্যাস সংযোগ পাওয়ার পরও প্রয়োজনীয় চাপের অভাবে উৎপাদন শুরু করতে পারছিল না কারখানাটি। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার (৬ অক্টোবর) ভোররাত ৩টা ১০ মিনিটে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
কারখানা সূত্র জানায়, দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে কারখানাটির স্টার্ট-আপ কার্যক্রম শুরু করা হয়। গ্যাসের চাপ পর্যাপ্ত থাকলে গত ২৮ সেপ্টেম্বর থেকেই বাণিজ্যিকভাবে সার উৎপাদনে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় নির্ধারিত সময়ে উৎপাদনে ফিরতে পারেনি কারখানাটি।
শেষ পর্যন্ত গ্যাসের চাপ কিছুটা স্বাভাবিক হওয়ায় সোমবার ভোররাতে ইউরিয়া উৎপাদন শুরু করতে সক্ষম হয় যমুনা সার কারখানা।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের চাপ কম থাকায় এতদিন সার উৎপাদন সম্ভব হচ্ছিল না। সোমবার ভোররাত ৩টা ১০ মিনিটে কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে কারখানায় প্রায় ৭৫ শতাংশ অ্যামোনিয়া এবং ৫০ শতাংশ ইউরিয়া উৎপাদন হচ্ছে।
তিনি আরও বলেন, গ্যাসের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কারখানাটি পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হওয়ায় কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি দেশের সার উৎপাদনে কারখানাটির পুনরায় যুক্ত হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শহীদ