দেওয়ানগঞ্জে ৫ লাখ টাকার ভেজাল জুস ও সরঞ্জাম ধ্বংস
নিজস্ব সংবাদদাতা, দেওয়ানগঞ্জ, জামালপুর
প্রকাশ: ২১:২৪,১২ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের দেওয়ানগঞ্জে নকল ব্র্যান্ডের ভেজাল জুস তৈরির অভিযোগে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের মালামাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জামালপুর আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জনসম্মুখে এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. রহুল আমিন রিয়াদ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মিতালী মিয়াপাড়া এলাকায় অবৈধভাবে ভেজাল জুস তৈরি ও বাজারজাত করার অভিযোগে মো. লুৎফর রহমান লতু (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঐ এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে।
অভিযানের সময় তাঁর বাড়ি থেকে জুস তৈরির বিভিন্ন সরঞ্জাম, ক্ষতিকর কেমিক্যাল, নামীদামি ব্র্যান্ডের নকল লেবেল ও বিপুল পরিমাণ প্রস্তুত করা ভেজাল জুস জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরবর্তী সময়ে আদালতের আদেশ অনুযায়ী জব্দ করা মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়।নকল ব্র্যান্ডের নামে ভেজাল খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও আইনগত পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জব্দ করা মালামাল ধ্বংসের মধ্য দিয়ে অবৈধভাবে উৎপাদিত ভেজাল জুস যাতে পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
শহীদ