বকশীগঞ্জে নিখোঁজের চারদিন পর জঙ্গল থেকে গৃহবধুর লাশ উদ্ধার, আটক ১
মাসুদ উল হাসান, বকশীগঞ্জ, জামালপুর
প্রকাশ: ২১:৩০,১২ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে জঙ্গল থেকে রোজিনা আক্তার (৩৩) নামে এক গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। বকশীগঞ্জ-কামালপুর সড়কের দত্তেরচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাশুড়িসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে রোজিনা আক্তারকে বিয়ে করেন একই এলাকার ইয়াকুব আলী। দাম্পত্য জীবনে তাদের কোনও সন্তানাদি নেই। গত শুক্রবার দুপুরে নিখোঁজ হন রোজিনা বেগম। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে জঙ্গলে স্থানীয় লোকজন অর্ধগলিত লাশ দেখতে পান। পরে স্বজনরা লাশটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি নূরেদা বেগম (৭০),ভাসুর কোব্বাত আলী (৫০), কোব্বাত আলীর স্ত্রী রেনুকা বেগম (৪০) ও কাশেমের স্ত্রী জহুরা বেগম (৫০) কে থানায় নেয়া হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ জানায়,শুক্রবার দুপুরে বাড়ির সামনে সড়কের পাশে দাড়িয়ে ছিলেন রোজিনা আক্তার। কামালপুর থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে নিয়ন্ত্রন হারিয়ে গৃহবধুকে চাপা দেয় চালক তানজিদ আলম শাওন (১৯)। সজোরে ধাক্কা লাগায় ছিটকে সড়কের পাশে জঙ্গলে পড়েন গৃহবধু। মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সে সময় আহত চালক জানান,কুকুরের সাথে ধাক্কা লেগে তিনি নিয়ন্ত্রন হারান। সে কারনে কেউ তাকে সন্দেহ করেনি। নিখোঁজের চারদিন পর গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে রাতে নিজ বাড়ি থেকে চালক তানজিদ আলম শাওনকে গ্রেফতার এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্ধ করে পুলিশ। অভিযুক্ত শাওন বাট্টাজোর নতুন বাজার এলাকার নুর আলমের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় ছিটকে পড়ে মারা যায় গৃহবধু। জঙ্গলে পড়ায় তখন তাকে কেউ দেখেনি। লাশ উদ্ধারের পর মামলা হয়েছে। অভিযুক্ত মোটরসাইকেল চালক তানজিদ আলম শাওনকে গ্রেফতার করা হয়েছে।
শহীদ