নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
এস কে সরকার, নেত্রকোনা
প্রকাশ: ২২:২৯,১৪ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের দুটি মোটরসাইকেল, কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চুচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আব্দুর রহমান ছুটিতে ছিলেন। তার বদলে দায়িত্বে থাকা ব্যক্তি রাত সোয়া তিনটার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ভবনটির বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল, কিছু আসবাবপত্র ও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
ব্যবস্থাপক আরও বলেন, ‘আমাদের ধারণা, বাইরে থেকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বুধবার দুপুরে জানান, খবর পাওয়ার পরপরই তিনি এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের পাশ থেকে চারটি কাঁচের ও দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। তবে বোতলগুলোতে কোনো দাহ্য পদার্থ ছিল কি না- সে ব্যাপারে তারা এখনও নিশ্চিত নন।
অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #
শহীদ