দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার আটক, গ্রেপ্তার ২
মো.শহিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ, জামালপুর
প্রকাশ: ১৬:১৪,২২ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জামালপুরের দেওয়ানগঞ্জে ২১৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা মদ ও প্রাইভেট কারের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেংটিমারী মধ্যেরচর এলাকায় ঢাকা-রৌমারী মহাসড়কসংলগ্ন স্থানে অভিযান চালায় জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা। এ সময় ২১৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার কলমপাড়া গ্রামের রামচন্দ্র শাহর ছেলে রিপন শাহ এবং গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পূর্ব চান্দরা, সফিপুর এলাকার মৃত আব্বাস উদ্দিনের ছেলে মো. আলাল উদ্দিন।
অভিযান শেষে আটক দুজন এবং জব্দ করা মদ ও প্রাইভেট কার দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
শহীদ