ছেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি, চিতলমারীতে নিখোঁজ সাংবাদিকপুত্র
অরুন কুমার সরকার, চিতলমারী, বাগেরহাট
প্রকাশ: ১৪:৩৬,১৬ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ১৬ বছরের প্রিতম মন্ডল। কিন্তু বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। বাগেরহাটের চিতলমারীতে নবম শ্রেণির এই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। প্রিতম সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফের একমাত্র ছেলে।
প্রিতম চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করে। তাকে খুঁজে পেতে তার বাবা চিতলমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮৩২) করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় প্রিতম। এরপর আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা ফুলহাতা চেক শার্ট, কালো প্যান্ট ও কালো স্যান্ডেল। মুখের ডান পাশে নাকের নিচে কালো তিল এবং গলায় তুলসীর মালা রয়েছে।
প্রিতমের সন্ধান পেলে ০১৭১১৯৭৭৩৬৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
চিতলমারী থানার ওসি জে এম মাসুম শুক্রবার দুপুরে জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে পেতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
শহীদ