রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩:০৯,১৭ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকায় ‘টুপটুপ রেস্টুরেন্ট ও রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পর্যটকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধার অভিযান শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ২৭ জন পর্যটক অবস্থান করছিলেন। আগুনে ভবন, বাঁশ কাঠের তৈরি রেস্তোরেন্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধারের পাশাপাশি হতাহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শহীদ