চিতলমারীতে কোডেকের উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা
অরুন কুমার সরকার, চিতলমারী, বাগেরহাট
প্রকাশ: ১৪:৩৭,১৬ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদের মৃত্যুহার কমানোর লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা ও টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর)সকাল ৭টায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে, স্ট্রোমি ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কারিগরি সহায়তায় কোডেকের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। চিতলমারী সদর ইউনিয়নে দানোখালী গ্রামের দুর্গা মন্দির প্রাঙ্গণসহ সাতটি ইউনিয়নে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইনের আওতায় উপজেলার সাধারণ মানুষ ও খামারিদের গবাদিপশু এবং হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০০টি গরু, ২ হাজার ৫৬টি হাঁস এবং ১ হাজার ২৬৭টি মুরগিকে টিকা দেওয়া হয়েছে। এর ফলে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক খামারি ও পশুপালনকারীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে কোডেকের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আ. ন. ম. ওয়াহিদ বলেন, “এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যুহার কমানো এবং বিভিন্ন মৌসুমি রোগের প্রাদুর্ভাব থেকে প্রাণিসম্পদকে সুরক্ষা দেওয়া। প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষিত থাকলে গ্রামীণ পরিবারের আয় ও জীবিকা আরও স্থিতিশীল হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকতে চাই।”
প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. সাব্বির তালুকদার বলেন, “আমরা মানুষের সেবা করতে চাই এবং তাদের জন্য নিরাপদ ও টেকসই জীবিকায়নের পথ সুগম করতে চাই। গবাদিপশু ও হাঁস-মুরগি গ্রামীণ পরিবারের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো টিকাদান ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।”
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রামীণ কৃষি ও প্রাণিসম্পদ খাত নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং খামারিদের সচেতনতা বৃদ্ধি টেকসই জীবিকায়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্থানীয় জনগোষ্ঠীর কাছে সহজলভ্য ও বিনামূল্যে প্রাণিস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কর্মসূচি শেষে সেবাগ্রহীতা ও সুবিধাভোগীরা বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ উদ্যোগ গ্রহণের জন্য তাঁরা কোডেকের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন প্রকল্প, স্ট্রোমি ফাউন্ডেশন বাংলাদেশ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং প্রান্তিক পরিবারের জীবিকা রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
শহীদ