চিতলমারীতে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ
অরুন কুমার সরকার, চিতলমারী, বাগেরহাট
প্রকাশ: ১৮:৪৫,১৫ অক্টোবর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির দুই পক্ষের প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা চলছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) বেলা ১১টার দিকে সার ডিলার নিয়োগ কমিটিতে থাকা জাতীয়তাবাদী দলের দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবীতে উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বিক্ষোভকারীরা ইউএনও এবং উপজেলা কৃষি কর্মকর্তার অপসারণও দাবী করেন। তবে এই বিক্ষোভে উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের অংশগ্রহণ দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অপরদিকে, গতকাল বুধবার ফেসবুক পোস্টে চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক জানান, নিয়োগ কমিটিতে আমরা দুইজন ছিলাম। চিতলমারী উপজেলা প্রশাসন তাদের নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এসে মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নিয়ামত আলী খান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, জয়নুল পারভেজ সুমন প্রমূখ। বক্তারা বলেন, সারের ডিলার নিয়োগ কমিটিতে থাকা জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ অর্থের বিনিময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ দোসরদের ডিলারশীপ দিয়েছেন তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং ইউএনও ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অপসারণ করতে হবে।
এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, নীতিমালা মেনে গন্যমান্য বক্তিদের মতামতের ভিত্তিতে সার ডিলারদের নাম সুপারিশ করা হয়েছিলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, বিক্ষোভকারী নিয়ামত আলী খানের কাছে থেকে খাসজমি উদ্ধার করায় এবং জয়নুল পারভেজ সুমনের ডায়গনিস্টক সেন্টারে সিজারে অনিয়মের কারণে চার লাখ টাকা আদায় করে ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রদান করায় ক্ষিপ্ত হয়ে এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। সার ডিলার নিয়োগে সরকারী নীতিমালা মানা হয়েছে।
শহীদ