চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬:৫৮,২১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে সরকার। এতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, কর্মচারীদের সর্বনিম্ন মজুরি হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বাড়বে।
গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অর্থাৎ ছয় বছর পর নতুন মজুরিকাঠামো পেলেন তারা।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এ খাতের শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল।
নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১১ হাজার ৯০০ টাকা হয়েছে।
কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
ছয় গ্রেডে শ্রমিকদের মজুরি
নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার, বাড়িভাড়া ৩ হাজার, চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা।
সব গ্রেডের শ্রমিক চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ সমান ২ হাজার ৯০০ টাকা পাবেন।
পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা।
কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা
কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। এ ছাড়া চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ তারা পাবেন ২ হাজার ৯০০ টাকা।
তৃতীয় গ্রেডের কর্মচারীদের মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা। তাদের শিক্ষানবিশকাল তিন মাস। তবে প্রয়োজনে মালিকপক্ষ এ সময় বাড়াতে পারবে।
দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। নতুন মজুরিকাঠামোয় তাদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা।
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে।
তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, ‘শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’
শহীদ