ডিসেম্বরে কেন্দ্র থেকে তৃণমূল রাজপথে থাকবে বিএনপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩:৪৩,২৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে পুরো ডিসেম্বর মাস কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র মাঠে থাকবে ক্ষমতাসীন বিএনপি। নিষিদ্ধ দলটির অনলাইন তৎপরতা ও কর্মসূচি কেন্দ্র করে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনায় এ কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের বেআইনি ও অন্যায় তৎপরতার প্রতিবাদে বিএনপি রাজপথে কর্মসূচি পালন করছে। যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলা করতে বিএনপি মাসব্যাপী একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে।
তৃণমূলে বিশেষ টিম ও সংসদ সদস্যদের অবস্থান : রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। পাশাপাশি দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় প্রশাসন ও নেতাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে ঢাকার প্রবেশমুখের জেলাগুলো-গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের নেতাদের বাড়তি সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে, যাতে কেউ ঢাকায় প্রবেশ করে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।
পাড়ামহল্লায় পাহারা ও সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতা-কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের তথ্যমতে, নাশকতাকারীরা যানবাহনে অগ্নিসংযোগের পাশাপাশি সংখ্যালঘু ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে। এ অপতৎপরতা রুখতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাড়ামহল্লা ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে সতর্ক পাহারা ও সর্বদলীয় সম্প্রীতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নাশকতার বিরুদ্ধে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ নিচ্ছে এবং গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে-কেউ নাশকতা বা অগ্নিসংযোগের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের ধরে সরাসরি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
শহীদ