উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১:৫২,২৮ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবে। এ ছাড়া দেশের অনগ্রসর আরও নতুন ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তির কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে এ সুবিধা পাবে, যা দেশের শতভাগ ছাত্রী। এর ফলে বর্তমানে উপবৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার (প্রায় এক কোটি)। পাশাপাশি প্রচলিত দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। এতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) -এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
এর মূল লক্ষ্য হলো— দেশে নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করা। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘দেশের আর্থ-সামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার জাগরণের ইতিহাসে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি একটি যুগান্তকারী মাইলফলক।
এই ঐতিহাসিক কর্মসূচির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র ছাত্রীদের যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো, তার ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছিল। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণের সেই যে ধারাবাহিক অগ্রগতি সাধিত হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। এ কারণে নারী শিক্ষার প্রসারে তার এই দূরদর্শী অবদান ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূর্বের সেই সফল ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।
শিক্ষা খাতের আধুনিকায়নে প্রধানমন্ত্রীর আরও বেশ কিছু দূরদর্শী ও সফল উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে; বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করে গড়ে তোলার পদক্ষেপগুলো নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে।
শহীদ