মোবাইল কোর্টের অভিযানে সরকারের নতুন নিয়ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২:২৮,১২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান এখন থেকে ভিডিও ধারণ করতে হবে। পাশাপাশি আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুযায়ী আপিল আদালতে ওই ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
পরিপত্রে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী সংরক্ষণ করতে হবে। এ জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ধারণ করা ভিডিওর একটি কপি সংশ্লিষ্ট মিডিয়া সেলে পাঠাতে হবে।
প্রতিটি জেলায় থাকবে মিডিয়া সেল
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় একটি করে ‘মিডিয়া সেল’ গঠন বা রাখার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব মিডিয়া সেলের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচার করা হবে।
জব্দ করা মালামাল সংরক্ষণেও নির্দেশনা
পরিপত্রে অভিযানে জব্দ করা মালামাল সংরক্ষণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে জব্দ করা মালামাল রাখার জন্য নিরাপদ ও সুরক্ষিত কক্ষ, স্থাপনা বা স্থান নির্ধারণ করতে হবে।
জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী আদালতে উপস্থাপন বা হস্তান্তরের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুনির্দিষ্টভাবে বণ্টন করতে হবে। এর মাধ্যমে জব্দ করা সম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
তবে পচনশীল বা দ্রুত নষ্ট হয়ে যায় এমন মালামাল দীর্ঘদিন সংরক্ষণ করতে হবে না। এসব মালামাল বিদ্যমান আইন ও বিধিবিধান অনুসরণ করে নিষ্পত্তি করতে হবে।
শহীদ