টানা বৃষ্টিতে ইসলামপুরে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
সৈয়দ এনামুর রকিব, ইসলামপুর, জামালপুর
প্রকাশ: ১৭:২৬,২২ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন থেকে চার দিনের বৃষ্টিতে জামালপুরের ইসলামপুর উপজেলায় আমন ধানের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকার ফসলি মাঠে পানি জমে কাটা ও পাকা ধান তলিয়ে গেছে। কোথাও কেটে রাখা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, আবার কোথাও পাকা ধানের গাছ পানির নিচে পড়ে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
উপজেলার ইসলামপুর সদর, পাথর্শী ও কুলকান্দি ইউনিয়নের বোয়ালমারী, গামারিয়া, পাঁচবাড়িয়াসহ বিভিন্ন এলাকার ফসলি মাঠে পানি জমে থাকতে দেখা গেছে। এতে চলতি মৌসুমে আমন ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
গামারিয়া গ্রামের কৃষক রৌশন আলী জানান, গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। এতে ধানের গুণগত মান ও ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। বৃষ্টির কারণে এবার উৎপাদিত ধান থেকে প্রত্যাশিত ফলন পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষক বাদল বলেন, আমন ধান চাষের শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। সময়মতো সার না পাওয়ায় জমিতে যথাসময়ে সার প্রয়োগ করা সম্ভব হয়নি। তিন বিঘা জমিতে ধান চাষ করতে তাঁর প্রায় ৪০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। এর মধ্যে গত দুই-তিন দিনের বৃষ্টি ও বাতাসে ধানের গাছ মাটিতে পড়ে গেছে। তার ওপর জমিতে পানি জমে থাকায় ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ধান ঘরে তুলতে না পারলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই কৃষক।
কৃষকদের আশঙ্কা, দ্রুত বৃষ্টি বন্ধ হয়ে জমির পানি নেমে না গেলে কাটা ও পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। এতে উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন তাঁরা।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামীম আল মামুন জানান, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। টানা তিন দিনের বৃষ্টি ও হালকা বাতাসে কিছু আমন ধানের ক্ষতি হয়ে থাকতে পারে। তবে বৃষ্টি থেমে রোদ উঠলে জমির পানি শুকিয়ে যাবে। এতে ধানের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
শহীদ