৪ অগ্রাহায়ণ ১৪৩৩ , বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

বাড়ছে দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুকি

অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে দুর্ভোগ

সৈয়দ এনামুর রকিব, ইসলামপুর, জামালপুর

প্রকাশ: ২১:০৬,১৮ নভেম্বর ২০২৬

অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে দুর্ভোগ

ছবি: সংগৃহীত

পাকা সড়ক, কিন্তু তার ওপর বিছানো বালুর স্তর। কোথাও বালুর আস্তরণে ঢেকে গেছে সড়কের বড় অংশ, কোথাও যানবাহন চলাচল করলেই চারপাশ ছেয়ে যাচ্ছে ধুলায়। দেখলে মনে হবে, এটি কোনো পাকা সড়ক নয়, যেন বালুর মরুভূমি। এমন পরিস্থিতি তৈরি হয়েছে জামালপুর জেলার সাত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। অবৈধভাবে বালু উত্তোলন, নিয়মনীতি না মেনে পরিবহন এবং কার্যকর তদারকির ঘাটতিতে জনসাধারণের চলাচলের পথই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

জেলার গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ জনপথ—কোথাও যেন বালুর দাপট কমছে না। এর মধ্যে রয়েছে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক, মেলান্দহ উপজেলার খানপাড়া-টুপকারচর সড়ক, ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ-পিরিজপুর ও কান্দারচর সড়ক, চরপুটিমারী ইউনিয়ন পরিষদ-সাজালেরচর বাজার সড়ক এবং দেওয়ানগঞ্জের খুটেরচর-বকশীগঞ্জ সড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে নিয়মনীতি উপেক্ষা করে পরিবহনের ফলে এসব সড়কে প্রতিনিয়ত বালু ছড়িয়ে পড়ছে। সড়কে জমে থাকা বালু যানবাহনের চাকার সঙ্গে উড়ে ধুলায় আচ্ছন্ন করছে আশপাশের এলাকা। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের।

বিশেষ করে মোটরসাইকেল ও বাইসাইকেল চালকদের জন্য সড়কে জমে থাকা বালু বাড়তি ঝুঁকি তৈরি করছে। সামান্য অসতর্কতায় যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অন্যদিকে উড়ন্ত ধুলাবালিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

সদর উপজেলার শরিফপুর এলাকার হামেদ আলী, মেলান্দহের টুপকারচর এলাকার ছাত্তার এবং ইসলামপুরের ডিগ্রীরচর এলাকার আয়ুবসহ একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কে বালুর কারণে প্রতিদিন মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বালু উত্তোলন ও পরিবহনে অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, তা তাঁদের বোধগম্য নয়। মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হলেও কীভাবে আবার একইভাবে বালু উত্তোলন ও পরিবহন চলছে, সে প্রশ্নও তুলেছেন তাঁরা।

স্থানীয়দের মতে, সড়কে বালু ছড়িয়ে পড়ার পর তা অপসারণের কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। নিয়মিত তদারকি, বালু পরিবহনে শৃঙ্খলা এবং সড়ক পরিষ্কারের ব্যবস্থা নিশ্চিত করা না গেলে জনদুর্ভোগ কমার সম্ভাবনা নেই।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ, নিয়ম মেনে বালু পরিবহন নিশ্চিত এবং সড়ক থেকে নিয়মিত বালু অপসারণে কার্যকর উদ্যোগ নিতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কাজ চলমান রয়েছে।

তবে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ে তার কার্যকর বাস্তবায়ন চান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবৈধ বালু উত্তোলন ও নিয়মবহির্ভূত পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সড়কে ছড়িয়ে পড়া বালু দ্রুত অপসারণ নিশ্চিত করতে হবে।

পাকা সড়ক নির্মাণের উদ্দেশ্য মানুষের যাতায়াত সহজ করা। অথচ সেই সড়কই যদি বালু ও ধুলার কারণে দুর্ভোগের উৎস হয়ে ওঠে, তাহলে জনস্বার্থে নেওয়া উন্নয়ন কার্যক্রমের সুফল নিয়েও প্রশ্ন ওঠে। তাই জামালপুরের সড়কগুলোকে বালুর দখল থেকে মুক্ত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন জেলাবাসী।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ