‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯:৩৬,১৯ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণাকালে এ কথা জানান আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, নির্দিষ্ট কিছু স্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল।
বিচারক রায়ে আরও বলেন, আদালত প্রমাণ পেয়েছে,মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেইসঙ্গে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ঐতিহাসিকভাবে চলে আসা মিয়ানমার সরকারে আচরণ সম্পর্কে বিচারক ইউজি বলেন, আদালত দেখতে পেয়েছে যে, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধগুলো ক্রমান্বয়ে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং তাদের প্রান্তিক করে অত্যন্ত অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে শত্রুতাকে উসকে দিয়েছে।
রায় পড়ে শোনানোর সময় রোহিঙ্গাদেরকে একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেন বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।
রায়ে তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে।
শহীদ