দুদকে তলব করায় যা বললেন মেঘনা আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১:০০,১৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবের খবর প্রচারের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন আলোচিত মেঘনা আলম। তার দাবি, ২০২৫ সালের ‘ইউনূস-কাণ্ডের’ ধারাবাহিকতায় তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। একই সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো নানা তথ্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও ব্যঙ্গ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লিখেছেন, ‘আসিফের নাম নিতেই দুদকের তলবের খবর প্রচার হলো। তবে, আমার বিরুদ্ধে ২০২৫ ইউনূস-কাণ্ডের ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’
নিজের জীবনযাপন নিয়েও কথা বলেছেন তিনি। মেঘনার ভাষ্য, ‘আমার মতো একজন মানুষ যে জীবনে মদ-সিগারেট স্পর্শ করেনি, ৩০ পেরিয়েও ভার্জিন, একেবারেই সাদামাটা জীবনযাপন করে, তাকে নিয়েও এত বানোয়াট গল্প! অথচ বাস্তবে ধর্ষণ ও জুলুম করে বেড়াচ্ছে হুজুরের বেশধারী কিছু ভণ্ড!’
এরপর রাজনৈতিক প্রসঙ্গ টেনে ব্যঙ্গ করে মেঘনা লেখেন, ‘ভাবছি, বিএনপি ছেড়ে জামায়াতের হয়ে যাব। কাল থেকে প্রচার হবে, মেঘনা আলমের মতো নিষ্পাপ মানুষ পৃথিবীতে আর কেউ নেই!’
এর আগে বিএনপি ও জামায়াতকে ঘিরেও একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছিলেন মেঘনা। সেখানে তিনি লিখেছিলেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও ‘পবিত্র হৃদয় ও প্রতিভাবান’ লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’
ওই পোস্টে তাকে নিয়ে ছড়ানো তথ্যের প্রসঙ্গ টেনে আরও লিখেছিলেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’
সাম্প্রতিক এসব পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, তাকে ঘিরে ছড়ানো তথ্য এবং বিএনপি-জামায়াত প্রসঙ্গে নিজের অবস্থান ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেছেন মেঘনা আলম। দুদকের তলব ও অভিযোগের বিষয়ে তার বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে।
শহীদ