ননস্টিক প্যান দীর্ঘদিন ভালো রাখার ৬ উপায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০০:৫৮,১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
আধুনিক রান্নাঘরে নন-স্টিক প্যানের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে সঠিক রক্ষণাবেক্ষণ ও অসচেতন ব্যবহারের কারণে অনেকের রান্নাঘরেই এই প্যান দ্রুত তার কার্যক্ষমতা হারাচ্ছে। তবে সামান্য কিছু নিয়ম মেনে চললে একটি ননস্টিক প্যান বছরের পর বছর নতুনের মতো রাখা সম্ভব, যা একই সাথে অর্থ সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত।
তাই ননস্টিক প্যানের স্থায়িত্ব বাড়াতে এবং এর কোটিং (আস্তরণ) দীর্ঘদিন অক্ষুণ্ন রাখতে চলুন ৬টি নিয়ম জেনে নিই-
রান্নার চামচ নির্বাচন: নন-স্টিক প্যানে রান্নার সময় কখনোই স্টিল, লোহা বা অ্যালুমিনিয়ামের চামচ ব্যবহার করবেন না। এর বদলে সবসময় কাঠের, সিলিকনের বা নাইলনের চামচ ব্যবহার করুন। ধাতব চামচ ব্যবহার করলে প্যানের ননস্টিক কোটিং স্ক্র্যাচ পড়ে নষ্ট হয়ে যায়।
ধোয়ার নিয়ম: প্যান গরম থাকা অবস্থায় কখনোই ঠান্ডা পানি ঢালবেন না। কারণ তাপমাত্রার হঠাৎ পরিবর্তনের কারণে প্যানের ধাতব অংশ ও কোটিং ক্ষতিগ্রস্ত হয়। প্যানটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর নরম স্পঞ্জ এবং লিকুইড ডিশ ওয়াশার দিয়ে ধুয়ে নিন। তবে স্ক্রাবার বা তারের জালি ভুলেও কখনো ব্যবহার করবেন না।
চুলার আঁচ: ননস্টিক প্যানে সবসময় হালকা থেকে মাঝারি আঁচে রান্না করুন। অতিরিক্ত উচ্চ তাপে রান্না করলে কোটিং দ্রুত বিবর্ণ হয়ে প্যান নষ্ট হয়ে যায়।
খালি প্যান গরম না করা: চুলায় খালি ননস্টিক প্যান বসিয়ে রেখে গরম করবেন না। রান্নার শুরুতেই সামান্য তেল বা মাখন ব্রাশ করে তারপর চুলায় দিন।
সংরক্ষণের সঠিক নিয়ম: যদি আপনার একাধিক নন-স্টিক প্যান থাকে তবে রান্না ঘরে একটির ওপর আরেকটি সরাসরি স্তূপ করে রাখবেন না। এতে একটার নিচের অংশের ঘর্ষণে অন্যটার কোটিং নষ্ট হয়। যদি রাখতেই হয়, তবে দুটি প্যানের মাঝে একটি নরম কাপড়, টিস্যু পেপার বা প্রটেক্টর ব্যবহার করুন।
বাণিজ্যিক কুকিং স্প্রে বর্জন: নন-স্টিক প্যান দীর্ঘদিন ভালো রাখতে বাজারে কিনতে পাওয়া যায় এমন বাণিজ্যিক কুকিং স্প্রে ব্যবহার করা যাবে না। কারণ এগুলোতে থাকা প্রোপেল্যান্ট প্যানের গায়ে আঠালো স্তর তৈরি করে, যা সাধারণ ধোয়ায় সহজে ওঠে না।
তবে রান্না বিশেষজ্ঞদের মতে, ননস্টিক প্যানের কোটিং একবার উঠে গেলে বা স্ক্র্যাচ পড়লে সেটি আর ব্যবহার করা উচিত নয়। কারণ ক্ষতিগ্রস্ত কোটিং থেকে নির্গত রাসায়নিক খাবারের সাথে মিশে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই রান্নার অভ্যাসে সামান্য পরিবর্তন এনে সঠিক নিয়মে যত্ন নিলে রান্নাঘরের এই প্রিয় অনুষঙ্গটি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব হবে।
শহীদ