১১ অগ্রাহায়ণ ১৪৩৩ , বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

১৮ বছর পর মায়ের ঘরে বাদল

স্টাফ রিপোর্টার, মোংলা

প্রকাশ: ১৭:০৮,২৫ নভেম্বর ২০২৬

১৮ বছর পর মায়ের ঘরে বাদল

ছবি: নিউজমিশন২৪

দরজার সামনে পুলিশের গাড়ি থামতেই বুকের ভেতর জমে থাকা অপেক্ষাটা যেন আর ধরে রাখতে পারলেন না শেফালী বেগম। মঙ্গলবার রাত তখন প্রায় ১১টা। গাড়ি থেকে নামলেন তাঁর ছেলে বাদল ফরাজী। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন মা। স্বজনদের চোখেও তখন আনন্দের অশ্রু।

বাদল মাকে বললেন, ‘এই তো আমি ফিরে আসছি।’

কথাটা ছোট। কিন্তু এর পেছনে জমে আছে ১৮ বছরের বিচ্ছেদ, কারাগারের দীর্ঘ দিন, আর একটি পরিবারের অসংখ্য অপেক্ষার গল্প।

মোংলার মোর্শেদ রোডের সেই বাড়িতে ফিরেছেন বাদল। কিন্তু এই ফেরা পুরোপুরি ঘরে ফেরা নয়। মায়ের কাছে থাকার জন্য সময় পেয়েছেন মাত্র চার সপ্তাহ। এরপর আবারও তাঁকে ফিরে যেতে হবে কারাগারে।

মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল। পরে তাঁকে নেওয়া হয় বাগেরহাট জেলা কারাগারে। সেখান থেকে রাতে মোংলা থানায় মায়ের ও বোনের সঙ্গে দেখা হয়। এরপর পুলিশি পাহারায় তাঁকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে।

ছেলের ফেরার অপেক্ষায় সেদিন বাড়িতে খাবার তৈরি করেছিলেন বোনেরা। রান্না হয়েছিল শাকভাজি, গরুর মাংস ভুনা, ট্যাংরা মাছের ঝোল আর ডিম ভুনা। দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে সামনে বসিয়ে নিজের হাতে খাবার তুলে দেন মা।

খাবারের পদগুলো হয়তো খুব সাধারণ। কিন্তু একজন মায়ের কাছে এই খাবারের প্রতিটি লোকমাই ছিল দীর্ঘদিনের অপূর্ণতার স্বাদ। যে ছেলেকে এত বছর কাছে বসিয়ে খাওয়াতে পারেননি, সেই ছেলেকে আবার নিজের হাতে খাওয়ানোর সুযোগ পেয়েছেন তিনি।

তবে আনন্দের এই মুহূর্তেও শেফালী বেগমের মনে স্বস্তি নেই। ছেলেকে ফিরে পেয়েও জানেন, দিন গুনতে গুনতে আবার বিদায়ের সময় চলে আসবে।

কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠে ফুটে ওঠে সেই আকুতি। শেফালী বেগম বলেন, ‘আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারাজীবন আমার সঙ্গে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন। ওর বাবা মারা গেছে। আমার ছেলেটার সামনে আমি মরতে চাই।’

একজন মায়ের এই চাওয়ার মধ্যে কোনো বড় দাবি নেই। শুধু জীবনের শেষ সময়টুকু ছেলেকে কাছে পাওয়ার আকুতি।

বাদলের বোন আকলিমা বেগম জানান, অসুস্থ মায়ের পাশে কিছুদিন থাকার সুযোগ করে দিতে তাঁরা এক মাসের প্যারোল চেয়েছিলেন। শেষ পর্যন্ত চার সপ্তাহের প্যারোল মঞ্জুর হয়েছে। পরিবারের প্রত্যাশা, এই সাময়িক মুক্তির পর বাদল যেন স্থায়ীভাবে মুক্তি পান।

বুধবার সকালেও বাড়িতে বাদলকে দেখতে আসেন স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা। দীর্ঘদিন পর তাঁকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হন। প্রতিবেশী মোহাম্মদ জামাল পেয়াদা বলেন, ‘খুব ভালো ছেলে বাদল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে ধরতে পেরেছি। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্যারোলের নির্দেশনা অনুযায়ী বাদল ফরাজীর বিষয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। চার সপ্তাহের প্যারোলের শর্ত মেনেই তাঁকে বাড়িতে রাখা হয়েছে।

গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখার নির্দেশনায় ২০১৬ সালের প্যারোল নীতিমালার বিশেষ বিধান অনুযায়ী বাদল ফরাজীর চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করা হয়। 

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, মানবিক কারণে প্রচলিত ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে।

বাদল ফরাজীর জীবনের এই দীর্ঘ কারাবাসের শুরু ২০০৮ সালে ভারতের দিল্লিতে একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। ওই বছরের ৬ মে দিল্লির লাজপত নগরে নির্মলা মদন নামে এক বৃদ্ধা খুন হন। ভারতীয় পুলিশ এ ঘটনায় ‘বাদল সিং’ নামে এক গৃহকর্মীকে খুঁজছিল।

এর দুই মাস সাত দিন পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। অভিযোগ, নামের মিলের কারণে তাঁকে সেই বাদল সিং ভেবে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বাদল বারবার দাবি করেছিলেন, তিনি সেই ব্যক্তি নন। কিন্তু ভাষাগত সমস্যার কারণে নিজের বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে পারেননি বলে জানা যায়। তাঁর কাছে পাসপোর্ট, ভিসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নথি থাকার পরও ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

কারাগারের দেয়াল তাঁর জীবন আটকে দিলেও পড়াশোনার ইচ্ছাকে থামাতে পারেনি। বন্দিজীবনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন বাদল।

২০১৮ সালের ৬ জুলাই বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশের মাটিতে ফিরেও মুক্তি মেলেনি। কারাগারই হয়ে ওঠে তাঁর ঠিকানা। এরই মধ্যে কারাগারে থাকা অবস্থায় মারা যান তাঁর বাবা। বাবার মৃত্যুর সময়ও ছেলের পাশে থাকার সুযোগ হয়নি পরিবারের।

বাদলের দীর্ঘ কারাজীবন ও মামলার ঘটনা নিয়ে  বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রচার-প্রচারণাও হয়েছে।

১৮ বছর পর বাদল এখন মায়ের ঘরে। পরিচিত উঠান, স্বজনদের মুখ, প্রতিবেশীদের ভালোবাসা আর মায়ের হাতে রান্না করা খাবার। এত দিন যে জীবন থেকে দূরে ছিলেন, সেই জীবনের স্বাদ আবার পাচ্ছেন তিনি।

কিন্তু বাড়ির এই আনন্দের মধ্যেই লুকিয়ে আছে আরেকটি বিদায়ের আশঙ্কা। চার সপ্তাহ পর আবারও কারাগারে ফিরতে হবে তাঁকে। মা জানেন, দিন যত এগোবে, বিদায়ের সময়ও তত কাছে আসবে।

১৮ বছর পর ছেলেকে ফিরে পাওয়া শেফালী বেগমের কাছে তাই এই চার সপ্তাহ শুধু আনন্দের নয়, নতুন এক অনিশ্চয়তারও সময়।

যে ছেলেকে একদিন হারিয়েছিলেন, তাঁকে আবার হারাতে চান না এই মা। তাঁর একটাই চাওয়া, চার সপ্তাহের এই সাময়িক ফেরা যেন একদিন স্থায়ী হয়। বাদল যেন আর কখনো মায়ের ঘর ছেড়ে কারাগারে ফিরে যেতে বাধ্য না হন।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ