মোংলায় কবি হিমেল বরকতের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্ট, মোংলা
প্রকাশ: ১৭:৪৩,২৩ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
একই পরিবারের দুই কবি। বড় ভাই রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, ছোট ভাই হিমেল বরকত। রুদ্রের কবিতা যেমন বাংলা সাহিত্যে স্বতন্ত্র জায়গা করে নিয়েছে, তেমনি কবিতা, প্রবন্ধ, গান ও সাহিত্য গবেষণায় নিজের পরিচয় তৈরি করেছিলেন হিমেল বরকতও। তবে মাত্র ৪৩ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবি ও গবেষক হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) তাঁর জন্মস্থান বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর বাড়িতে দোয়া ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণানুষ্ঠানে বক্তারা বলেন, হিমেল বরকতের লেখায় সমাজের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ উঠে এসেছে। সাহিত্যচর্চার পাশাপাশি গবেষণা ও সম্পাদনার কাজেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত। বক্তব্য দেন মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, শিক্ষক ওবায়দুল ইসলাম, সফরুল ইসলাম, হিমেল বরকতের বাল্যবন্ধু জানে আলম বাবু ও মিজানুর রহমান। আলোচনা শেষে তাঁর লেখা গান পরিবেশন করে অন্তর বাজাও শিল্পী গোষ্ঠী।
১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠাখালী গ্রামে জন্মগ্রহণ করেন হিমেল বরকত। ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়।
হিমেল বরকতের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘চোখে চৌদিকে’, ‘দশ মাতৃক দৃশ্যাবলি’ ও ‘প্রান্তস্বর ব্রাত্যভাবনা’। সম্পাদনা করেছেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী, কবি ত্রিদিব দস্তিদারের কবিতাসমগ্র, চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ এবং বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহসহ বেশ কয়েকটি গ্রন্থ। তাঁর বেশ কিছু কবিতা ও গান এখনো অপ্রকাশিত রয়েছে।
শহীদ