প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭:৩২,২৩ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন তারা।
বৈঠক শেষে বের হয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সব শক্তিকে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন। এনসিপির পক্ষ থেকে এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাস চালাচ্ছে এবং এই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায়, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াই ও গণ-অভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়, দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।’
বৈঠকে এনসিপির পক্ষ থেকে গঙ্গা চুক্তিতে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আপস না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার উদ্যোগ নিতে বলা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।
সংস্কার প্রক্রিয়া নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে দলটির আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই এই কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানানো হয়েছে। সরকার তাদের এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।
ভারতের ভূমিকার কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ভারত তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে।
সীমান্তে বিজেপির সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাও যুক্ত হচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘এখন লড়াইটা আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি নয়, এটি ভূখণ্ড ও ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই। বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত জড়িত এবং তারা গ্লোবালি (বিশ্বব্যাপী) ভুয়া তথ্য ছড়াচ্ছে।’
দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নাকচ করে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না, বরং আওয়ামী লীগের আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ভারতই সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।
এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম ও গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এদিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন সাংবাদিকদের বলেন, সরকার ‘নোট অব ডিসেন্ট’সহ সই করা জুলাই সনদ বাস্তবায়ন করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি তা বাস্তবায়ন করবে।
এই মতবিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে মন্তব্য করে মাহ্দী আমিন বলেন, নির্বাচিত সরকার যে রাজনৈতিক সহাবস্থান চায়, আজকের বৈঠক তারই প্রমাণ।
ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংহত করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নয়, জুলাই গণ-অভ্যুত্থানেই সেই ঐক্য হয়ে গেছে। এনসিপি তাদের দাবিগুলো বলেছে, প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।’
বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী জানান, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
শহীদ