ধনবাড়ীতে বণার্ঢ্য আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন
হাফিজুর রহমান, টাঙ্গাইল
প্রকাশ: ২১:৫৫,২৬ নভেম্বর ২০২৬
ছবি: নিউজমিশন২৪
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী'র সভাপতিত্বে সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী।
এসময় আরোও বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন।
সভায় উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার, ধনবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও আগামীর সময় পত্রিকার সাংবাদিক মো. পলাশ ইসলামসহ স্থানীয় খামারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা এবং ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের আরও উন্নয়নে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন করতে হবে। পশুকে নিয়মিত টিকা দেওয়া, খামারের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি সফল খামারিদের অভিনন্দন জানান এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান প্রায় ১ দশমিক ৮ শতাংশ এবং কৃষি জিডিপিতে এ খাতের অবদান ১৫ দশমিক ৫৬ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার প্রায় ৩ দশমিক ৩০ শতাংশ, যার অর্থমূল্য প্রায় ৯৮ হাজার কোটি টাকা। দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সঙ্গে যুক্ত।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, উন্নত জাতের পশু পালন এবং উৎপাদন বৃদ্ধিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২৫-২৬ অর্থবছরের উৎপাদন পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, এ সময়ে দেশে দুধ উৎপাদন হয়েছে প্রায় ১৫৭ লাখ মেট্রিক টন, মাংস উৎপাদন প্রায় ৯০ লাখ মেট্রিক টন এবং ডিম উৎপাদন হয়েছে প্রায় ২ হাজার ৫১৩ কোটি, যা আগের বছরের তুলনায় বেশি।
প্রাণিজাত পণ্য রপ্তানির অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে রপ্তানি আয় ছিল ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার। পরবর্তী ছয় মাসে, অর্থাৎ মার্চ থেকে আগস্ট পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলারে। আগের ছয় মাসের তুলনায় রপ্তানি আয় বেড়েছে প্রায় ২১৭ শতাংশ।
দুধের চাহিদা ও প্রাপ্যতার বিষয়ে বলেন, একজন সুস্থ মানুষের দৈনিক গড়ে ২৫০ মিলিলিটার দুধ প্রয়োজন। বর্তমানে দেশে জনপ্রতি দৈনিক দুধের প্রাপ্যতা প্রায় ২৪১ মিলিলিটার। ফলে দুধ উৎপাদনে সামান্য ঘাটতি থাকলেও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে তা পূরণ করা সম্ভব।
তিনি আরও জানান, বিশ্ব খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, একজন মানুষের বছরে ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন হলেও দেশে জনপ্রতি ডিমের প্রাপ্যতা ১৪১টি। অন্যদিকে, দৈনিক জনপ্রতি মাংসের চাহিদা ১২০ গ্রাম হলেও বর্তমানে প্রাপ্যতা ১৩৯ গ্রাম। এসব পরিসংখ্যান দেশের প্রাণিসম্পদ খাতের অগ্রগতির ইতিবাচক চিত্র তুলে ধরে।
অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করা, খামারিদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকার খামারি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শহীদ